দিল্লির ২০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি
ভারতের রাজধানী দিল্লির ২০টিরও বেশি স্কুলে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) এ হুমকি দেয়া হয় বলে
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
হুমকির পর একযোগে বিভিন্ন স্কুলে ছুটে গিয়ে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেয়ার কাজ শুরু করে দিল্লি পুলিশ, অগ্নি নির্বাপক বিভাগের সদস্যরা। তাদের যোগ দিয়েছেন বোমা নিষ্ক্রিয়কারী এবং ডগ স্কোয়াড টিম। তবে এখন পর্যন্ত কোনো বিস্ফোরক দ্রব্য বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, এই সপ্তাহে রাজধানীর স্কুলগুলোতে এটি চতুর্থবারের মতো বোমা হুমকির ঘটনা।
ঘটনার প্রেক্ষিতে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী আত্মশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিজেপিকে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, “আজ ২০টিরও বেশি স্কুলে বোমা হুমকি এসেছে! চিন্তা করুন শিশু, অভিভাবক এবং শিক্ষকদের মানসিক অবস্থার কথা। দিল্লির সব প্রশাসনিক স্তর বিজেপির নিয়ন্ত্রণে, তা সত্ত্বেও আমাদের সন্তানদের নিরাপত্তা দিতে ব্যর্থ তারা!”
যেসব স্কুলে বোমা হুমকি এসেছে তাদের মধ্যে রয়েছে—দক্ষিণ দিল্লির সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল, পিতমপুরার ম্যাক্সফোর্ট জুনিয়র স্কুল ও গুরু নানক স্কুল, দ্বারকার সেন্ট থমাস স্কুল, জিডি গোয়েঙ্কা স্কুল ও দ্বারকা ইন্টারন্যাশনাল স্কুল, পশ্চিম বিহারের রিচমন্ড স্কুল, এবং রোহিনির ছয়টি স্কুল: সেক্টর ৩-এ এমআরজি স্কুল ও অভিনব পাবলিক স্কুল, সেক্টর ৯-এ আইএনটি পাবলিক স্কুল, এবং সেক্টর ২৪-এ দিল্লি পাবলিক স্কুল, সোভারিন পাবলিক স্কুল ও হেরিটেজ পাবলিক স্কুল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে