Views Bangladesh Logo

নেপালে বন্যা-ভূমিধসে দেড় লাখের বেশি নারী ও কন্যাশিশু ঝুঁকিতে: ইউএন উইমেন

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে বিপুলসংখ্যক নারী ও কন্যাশিশু ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্যোগের পর তাদের খাদ্য ও পানির সংকটের পাশাপাশি সহিংসতা, শোষণ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন।

রোববার (৩০ আগস্ট) প্রকাশিত সংস্থাটির প্রথম জেন্ডার সতর্কবার্তায় বলা হয়েছে, গত ২৬ আগস্টের আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালের রাসুয়া ও নুওয়াকোট জেলায় আনুমানিক ১ লাখ ৫৭ হাজার ৫০ জন নারী ও কন্যাশিশু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দেশটির ইংরেজি দৈনিক দ্য হিমালয়ান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউএন উইমেনের হিসাবে, বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৫০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন প্রায় ১ হাজার মানুষ এবং ধ্বংস হয়েছে প্রায় ১০ হাজার বাড়িঘর। দুর্গত এলাকাগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও সুরক্ষা ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

নেপালে ইউএন উইমেনের প্রতিনিধি প্যাট্রিসিয়া ফার্নান্দেজ-পাচেকো বলেন, কোনো দুর্যোগ আঘাত হানলে নারী ও কন্যাশিশুদের আগে থেকেই থাকা ঝুঁকিগুলো আরও তীব্র হয়ে ওঠে। এ সময়ে তাদের ওপর নির্যাতন ও শোষণের আশঙ্কা বাড়ার পাশাপাশি খাদ্য, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হয়।

সংস্থাটির সতর্কবার্তায় আরও বলা হয়েছে, রাসুয়া, নুওয়াকোট, ধাদিং, গোর্খা ও চিতওয়ান জেলার প্রায় এক-তৃতীয়াংশ নারী নিরক্ষর। ফলে ত্রাণের তথ্য পাওয়া, সহায়তার জন্য নিবন্ধন করা কিংবা পুনর্বাসন কর্মসূচিতে আবেদন করার ক্ষেত্রেও এসব নারীর অতিরিক্ত সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বাগমতী প্রদেশের নারীপ্রধান পরিবারগুলোও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রদেশটির প্রতি তিনটি পরিবারের একটি নারীপ্রধান এবং এসব পরিবারের প্রায় এক-তৃতীয়াংশ প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল।

দুর্যোগের পর নারী ও কন্যাশিশুদের সুরক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে নেপাল সরকারের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থা, নারী অধিকার সংগঠন ও মানবিক সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে ইউএন উইমেন। দুর্গত মানুষের জন্য নারী নেতৃত্বাধীন কমিউনিটি কিচেন চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত নারী ও কন্যাশিশুদের জরুরি সহায়তায় ২০ লাখ মার্কিন ডলার তহবিলের আবেদন জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে বাস্তুচ্যুত এবং মানবপাচার, সহিংসতা ও শোষণের ঝুঁকিতে থাকা নারী ও কন্যাশিশুদের সহায়তায় এই অর্থ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ