ঢাবির কুয়েত মৈত্রী হলে ‘পানিবাহিত রোগে’ শতাধিক শিক্ষার্থী অসুস্থ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে গত তিন দিনে শতাধিক শিক্ষার্থী পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আক্রান্তদের তাৎক্ষণিক সেবা দিতে হলে অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থী ও চিকিৎসকদের প্রাথমিক ধারণা, পানি বা খাবার থেকে এই রোগ ছড়িয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ মোহাম্মদ ড. মোর্তজা মেডিকেল সেন্টারের’ প্রধান চিকিৎসা কর্মকর্তা তানভীর আলী সংবাদমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার অন্তত ৬০ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে মেডিকেল সেন্টারে এসেছিলেন।
তানভীর আলী বলেন, ‘আমাদের দুজন চিকিৎসক সেখানে কাজ করছেন। আজসহ হিসাব করলে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।’
তিনি আরও বলেন, ‘বমি ও ডায়রিয়াজনিত সমস্যাগুলো সাধারণত পানি ও খাবারের কারণে হয়ে থাকে।’
আক্রান্ত শিক্ষার্থীদের দাবি, হলের পানির ট্যাংক পরিষ্কার করার পর থেকে সমস্যার সূত্রপাত। হলের শিক্ষার্থী জুয়েনা আলম মুন অভিযোগ করে বলেন, ‘পানির ট্যাংক পরিষ্কার করার পর পানি থেকে ব্লিচিংয়ের গন্ধ আসে। মুখ ধুতে গেলে বা মুখে পানি নিয়ে কুলি করতে গেলে ব্লিচিংয়ের গন্ধে বমি আসে। গোসলের পানিতেও একই সমস্যা। ওয়াশরুম পরিষ্কার করতে এসে ব্লিচিং ছড়িয়ে দিয়ে চলে যায়, সেটা আর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে যায় না।’
আরেক শিক্ষার্থী সাজরিন আমিন নিজের অসুস্থতার কথা জানিয়ে বলেন, “আমি কাল অসুস্থ হয়েছি। তবে আরও ৪ থেকে ৫ দিন আগে থেকেই সমস্যা শুরু হয়েছিল আর গত দুই দিনে সেটা বেড়েছে। ক্যান্টিনের খাবার ও পানি— দুটোই দায়ী। ক্যান্টিনের রান্নার পরিবেশ নোংরা। এগুলো নিয়ে সব সময় বলা হয়, কিন্তু হল সংসদ কোনো ব্যবস্থা নেয় না।”
পানিই মূল কারণ উল্লেখ করে তিনি বলেন, “আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি, যারা ক্যান্টিনে খায় না তাদেরও অনেকে অসুস্থ। তার মানে পানি থেকেই এমন হয়েছে। আমারও পানি থেকেই হয়েছে। এখন সবাই পানি কিনে খাচ্ছে।”
সার্বিক পরিস্থিতির বিষয়ে হলের প্রাধ্যক্ষ মাহবুবা সুলতানা জানান, বর্তমানে হলে অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘আমরা সব প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। পানির চৌবাচ্চাগুলো ইতোমধ্যে পেশাদার লোকজনকে দিয়ে পরিষ্কার করা হয়েছে। এখন অসুস্থ ছাত্রীর সংখ্যা কমছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে