মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় ছবি-ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মী আটক

মেট্রোরেলের ডিপোর সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি প্রকল্পে কর্মরত এক আউটসোর্সিং কর্মীকে আটক করা হয়েছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রাজধানীর তুরাগ থানায় একটি মামলাও করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল এ তথ্য জানায়। এতে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি ডিএমটিসিএলের অধীনে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-৫ (নর্দান রুট) প্রকল্পের একজন আউটসোর্সিং কর্মী।
ডিএমটিসিএল জানায়, রাজধানীর গণপরিবহন হিসেবে মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কঠোর অবস্থানে রয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, কেপিআইভুক্ত (কী পয়েন্ট স্থাপনা) মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকার গোপনীয়তা ভঙ্গ, অনুমতি ছাড়া স্থিরচিত্র ও ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো প্রচারের মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিএমটিসিএল জানিয়েছে, এ ধরনের সংরক্ষিত স্থাপনার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় ভবিষ্যতেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
মতামত দিন