আইজি প্রিজন ও এক সচিবকে সর্বোচ্চ আদালতের তলব
আদালতের নির্দেশ অমান্য করায় আইজি প্রিজন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিবকে তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরা হলেন- আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার মো. ইব্রাহিম খলিল ও বিবাদীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।
আগামী ৪ ডিসেম্বর তাদের সশরীরে হাজির হয়ে আদালত অবমানার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
পরে ব্যারিস্টার ইব্রাহিম খলিল ভিউজ বাংলাদেশকে বলেন, গত বছরের ৭ এপ্রিল আপিল বিভাগ রিভিউ আবেদনের রায়ে ছয়জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দেন। এই ছয়জন হলেন- মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া, ইকবাল কবির চৌধুরী, মো. আনোয়ারুজ্জামান, মনির আহমেদ, মো. বজলুর রশিদ আকন্দ ও মো. নুরুননবী ভূঁইয়া।'
দেড় বছর পেরিয়ে গেলেও আপিল বিভাগের রায় বাস্তবায়ন না করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়। এই আবেদনের শুনানি নিয়ে গত ৬ নভেম্বর পদোন্নতির রায় বাস্তবায়নের জন্য বিবাদীদের দুই সপ্তাহ সময় দেন আপিল বিভাগ।
আইনজীবী জানান, দুই সপ্তাহ পার হয়ে যাওয়ায় আজ এই বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানিতে বিবাদীদের পক্ষ থেকে আদালতকে জানানো, আবেদনকারীদের পদোন্নতি দেওয়ার সুযোগ নেই। শুনানি শেষে আপিল বিভাগ তাদের তলব করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে