১৮ সেপ্টেম্বরের মধ্যে কারিগরি শিক্ষকদের এমপিও বিল জমাদানের নির্দেশ
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ইএফটি’র মাধ্যমে বিতরণের লক্ষ্যে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে বিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। ওই দিন বিকেল ৩টার মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় বিল সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।
রবিবার (১৩ সেপ্টেম্বর) অধিদপ্তরের এমপিও শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের এমপিও’র টাকা ইএফটি’র মাধ্যমে পাঠানোর জন্য ‘টেমিস’ (TEMIS) সফটওয়্যারে ‘বিল সাবমিট’ অপশন সক্রিয় করা হয়েছে। পূর্বের নিয়ম অনুসরণ করে সফটওয়্যারে লগইনপূর্বক ‘মান্থলি স্যালারি সাবমিশন’ অপশনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট করতে হবে।
কোনো এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারীর চাকরির অবস্থায় পরিবর্তন এলে তা অনলাইনে হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ মৃত্যুবরণ করলে, পদত্যাগ করলে কিংবা অবসরে গেলে সে সংক্রান্ত তথ্য ‘নন-গভর্নমেন্ট এমপিও এমপ্লয়ি ইএফটি এমপ্লয়ি স্ট্যাটাস চেঞ্জ (iBAS++ ভ্যালিডেটেড)’ অপশনে ইনপুট দিতে হবে। এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বেতন আংশিক বা সম্পূর্ণ কাটা কিংবা বন্ধ করার প্রয়োজন হলে, তা বিল সাবমিটের সময়ই উল্লেখ করতে হবে।
অধিদপ্তর জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো তথ্যের ভিত্তিতেই ইএফটি’র মাধ্যমে সরাসরি বেতন-ভাতা পাঠানো হবে। ফলে তাদের দেওয়া তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। ভুল তথ্য দেওয়ার কারণে এমপিও’র টাকা পাঠাতে কোনো সমস্যা হলে তার পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
মতামত দিন