স্পেনের প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ইংল্যান্ড: সুপারকম্পিউটার
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হওয়ার আগে ফাইনালে ওঠার দৌড়ে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।
বুধবার (১৫ জুলাই) ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে স্পেন ২-০ গোলে ফ্রান্সকে হারিয়ে তিন আসরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়। লুইস দে লা ফুয়েন্তের দল এখন অপেক্ষা করছে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচের বিজয়ীর জন্য। বাংলাদেশ সময় বুধবার দিনগত রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
ম্যাচের আগে ২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে তৈরি অপ্টার সুপারকম্পিউটার বলছে, আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা ইংল্যান্ডের ৫২ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ৪৭ দশমিক ৪৭ শতাংশ।
প্রথম সেমিফাইনালের আগে অপ্টার পূর্বাভাসে ফ্রান্সকে শিরোপার অন্যতম প্রধান দাবিদার ধরা হয়েছিল। তবে স্পেনের কাছে তাদের বিদায়ের পর নতুন হিসাব অনুযায়ী শিরোপা জয়ের দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে স্পেন। সুপারকম্পিউটারের হিসাবে, প্রতিপক্ষ যেই হোক না কেন, স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ৫৬ দশমিক ১৫ শতাংশ। ২০১০ সালের পর এটি হতে পারে তাদের দ্বিতীয় বিশ্ব শিরোপা।
অন্যদিকে সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা ধরা হয়েছে ২০ দশমিক ৪৭ শতাংশ।
অপ্টা অ্যানালিস্টের পৃথক আরেকটি মডেলেও দুই দলের ব্যবধান খুবই কম দেখানো হয়েছে। অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও বিবেচনায় নিয়ে করা ওই বিশ্লেষণে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫১ দশমিক ৯ শতাংশ, আর আর্জেন্টিনার ৪৮ দশমিক ১ শতাংশ।
দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে।
মতামত দিন