আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, জানালো অপ্টা
২০২৬ ফিফা বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
ম্যাচ শুরুর আগেই পরিসংখ্যান ও সম্ভাবনার বিচারে এগিয়ে রাখা হচ্ছে আলবিসেলেস্তেদের। ফুটবল বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটারের পূর্বাভাসে আর্জেন্টিনাকে এই ম্যাচের পরিষ্কার ফেভারিট হিসেবে দেখানো হয়েছে।
২৫ হাজারের বেশি সিমুলেশনের ভিত্তিতে করা বিশ্লেষণে দেখা গেছে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬৭ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে আলজেরিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১৩ শতাংশ। দুই দলের মধ্যকার ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ১৯ দশমিক ২ শতাংশ।
শুধু উদ্বোধনী ম্যাচেই নয়, পুরো গ্রুপ পর্বেও আর্জেন্টিনাকে অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে নিয়ে গঠিত গ্রুপ ‘জে’-তে শীর্ষস্থান অর্জনের সবচেয়ে বড় দাবিদার বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরাই।
অপ্টার পূর্বাভাস অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাবনা ৬৯ দশমিক ২ শতাংশ। তবে আফ্রিকার প্রতিনিধিত্বকারী আলজেরিয়াকেও পুরোপুরি খাটো করে দেখা হচ্ছে না। দলটির নকআউট পর্বে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ৫৭ দশমিক ৪ শতাংশ।
বিশ্বকাপের নতুন অভিযানে আর্জেন্টিনা কতটা শক্তিশালী শুরু করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা। অন্যদিকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চমক দেখিয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান জানান দিতে মুখিয়ে থাকবে আলজেরিয়াও।
মতামত দিন