বিরোধীদল গণতন্ত্রের গলা টিপে ধরার চেষ্টা করছে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন, ‘বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে। তারা গণতন্ত্রের গলা টিপে ধরার চেষ্টা করছে।’ একই সঙ্গে দেশের চলমান গ্যাস সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
রোববার রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুবিধাবঞ্চিতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিরোধীদলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের একটি বিরোধী দল আছে, যে দলটি শেখ হাসিনার ভাষায় কথা বলছে।’ তারা সরকারকে নানাভাবে টেনে ধরার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘বিরোধীদল এখনই সব সংকটের সমাধান চাচ্ছে।’ তবে সংকট সমাধানে সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
গত ফ্যাসিস্ট সরকার দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন। এমনকি দেশের একমাত্র গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানটিকেও তারা ধ্বংস করেছে বলে অভিযোগ করেন তিনি। তবে সব সংকট মোকাবিলা করে দ্রুত গ্যাস সংকটের সমাধান করা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ৪ হাজার ছাত্র, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। গত ১৭ বছরে লাখ লাখ মামলা, গুম এবং হাজার হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ফ্যাসিস্ট সরকার ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল এবং গুম, খুন ও নির্যাতনের রেকর্ড তৈরি করেছিল। ওই সরকারকে সরানোর পর দেশের মানুষ এখন শান্তির নিঃশ্বাস ফেলছে বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব নিয়েও কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কাজ করছে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ঘুরে দাঁড়াতেও সময় লাগবে বলে মন্তব্য করেন তিনি।
দ্রব্যমূল্য নিয়ে মির্জা ফখরুল বলেন, জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। আমদানির সময় বিভিন্ন কারণে এমন পরিস্থিতি তৈরি হয় বলেও তিনি উল্লেখ করেন। তবে সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বলে জানান তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকেরা কথা বলতে বা লিখতে পারতেন না। এখন সাংবাদিকেরা নিজেদের মতো করে লিখতে পারছেন। তবে বিরোধীদল যে ভাষায় কথা বলছে, সেটিকে গণতন্ত্রের ভাষা বলা যায় না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে। সরকার উন্নয়নকাজ শুরু করেছে এবং দেশকে এগিয়ে নিতে চায়। এ ক্ষেত্রে বিরোধীদলসহ সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
উত্তরাঞ্চলের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে চান। এ পরিকল্পনা বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’ উদ্বোধন করা হয়। এ সময় ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে ২৫টি ঘর হস্তান্তর করা হয়।
লাভ শেয়ার বিডির চেয়ারম্যান জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতামত দিন