Views Bangladesh Logo

বিরোধী দলের মধ্যে ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দল সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুললেও তাদের নিজেদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। তবে দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, গণতন্ত্র, রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থের প্রশ্নে সরকার আপসহীন অবস্থানে রয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশবিরোধী কর্মকাণ্ডের কোনো সুযোগ নেই।

প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হবে। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি। এর ফলে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।

বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না উল্লেখ করে রিজভী বলেন, সরকারের লক্ষ্য হলো একটি আত্মনির্ভরশীল, সক্ষম ও আধুনিক রাষ্ট্র গড়ে তোলা। এ জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, বর্তমানে দেশে গুম, ক্রসফায়ার কিংবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার ঘটনা নেই। সরকার নাগরিক অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ