সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা চলবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্ধারিত সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে জানান, চলমান অভিযানে আরও মার্কিন হতাহতের ঘটনা ঘটতে পারে।
ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, অভিযানে তিনজন মার্কিন সেনাসদস্য নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
মানবিক ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করলেও ট্রাম্প বলেন, মিশন শেষ না হওয়া পর্যন্ত অভিযান থামবে না।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ভেতরে একটি স্কুলে হামলার ঘটনায় শিশুসহ অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলের বেইত শেমেশ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় নয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘাত ইতোমধ্যে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। লেবাননে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইসরায়েল হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়।
হিজবুল্লাহ দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে তারা এ হামলা চালিয়েছে।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম পরিস্থিতি আরও জটিল না করতে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
এদিকে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। দুবাই, দোহা ও মানামার বিভিন্ন স্থাপনার কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ইরানের এসব পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।
তেহরানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে ইন্টারনেট বিধিনিষেধের কারণে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যাচ্ছে না। ইরান ইরাকের বিভিন্ন স্থানেও হামলা চালিয়েছে, যার মধ্যে এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকা রয়েছে বলে সেন্টকম নিশ্চিত করেছে।
সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেল ও যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক তেলের দাম এশিয়ার প্রাথমিক লেনদেনে ১০ শতাংশের বেশি বেড়ে যায়, পরে কিছুটা স্থিতিশীল হয়।
মধ্যপ্রাচ্যে বিস্তৃত ও দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কার মধ্যে মঙ্গলবার কংগ্রেসে ব্রিফিং দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে