নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব হবে না: ফকরুল
রাষ্ট্র কাঠামোতে যে সংস্কার দরকার তা একমাত্র নির্বাচিত সরকার ছাড়া করা সম্ভব নয় বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া জনগণকে রিপ্রেজেন্ট (প্রতিনিধিত্ব) আর কেউ–ই সেভাবে করতে পারে না। 'সংস্কার করতে হলে জনগণকে লাগবে। তাদের দিয়েই সংসদে সেগুলো অনুমোদন করাতে হবে। তাঁরা কথা বলবেন, বিতর্ক করবেন, পাস করবেন এবং তাদেরকেই সেটা গ্রহণ করে বাস্তবায়ন করতে হবে। সুতরাং নির্বাচন যত তাড়াতাড়ি হয়, রাষ্ট্র পরিবর্তনের কাজটাও তত তাড়াতাড়ি হবে।'
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে মির্জা ফখরুল এ কথাগুলো বলেন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এই সভার আয়োজন করে জেএসডি।
তিনি বলছেন, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারকাজ হাতে নিয়েছে, তা সময়সাপেক্ষ। জনগণের অনুমোদন, সমর্থন ছাড়া সংস্কার সম্ভব হবে না। তাই নির্বাচন যত তাড়াতাড়ি হয়, রাষ্ট্র পরিবর্তনের কাজও তত তাড়াতাড়ি হবে।
বিএনপি উদারপন্থি গণতান্ত্রিক দল, কোনো বিপ্লবী রাজনৈতিক দল নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, উদার গণতন্ত্র চাই—এটাই দলের মূল কথা। সে কারণে কেউ যদি মনে করেন, বিএনপি রাতারাতি বিপ্লবী হয়ে যাবে, এটা সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা সুন্দরভাবে চালু করতে পারলে সেখানেই একটা ভালো অবস্থার সৃষ্টি হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা আছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে। তিনি সফল হবেন। তার সুনাম রক্ষা করার জন্য নিজেই সচেতন থেকে সব কাজ করবেন।
তারপরও উদ্বেগ কাজ করে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘কখন উদ্বিগ্ন হই, যখন ওইখানেই (অন্তর্বর্তীকালীন সরকারে) কিছু খটকা লাগে।’ তার আশা, অন্তর্বর্তী সরকারে থাকা উপদেষ্টারা এমন কোনো কথা বলবেন না বা কাজ করবেন না, যাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে