এনসিপির প্রতিবাদ সমাবেশে উপস্থিত মাত্র ৭ জন
হবিগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মাত্র সাতজন নেতাকর্মীকে নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে কোনো ব্যানারও ছিল না।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে জেলা শহরের শিল্পকলা একাডেমির সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে এনসিপির চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব আলমগীর হোসেন বলেন, হবিগঞ্জে দলীয় নেতাদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছেন তারা। দোষীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, অতীতে যে ধরনের দমন-পীড়নের ঘটনা দেখা গেছে, বর্তমান সরকারেও তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তারা দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ চান বলেও মন্তব্য করেন।
মাত্র সাতজনকে নিয়ে সমাবেশ করার বিষয়ে আলমগীর হোসেন বলেন, হবিগঞ্জের মতো ঘটনা যাতে দেশের অন্য কোথাও না ঘটে, সে বার্তা দিতেই সীমিত পরিসরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল কাদির রোকন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলী রুশদী মজনু, সহ-প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর সদস্যসচিব ইয়াছিন আলী এবং ছাত্রশক্তির জেলা প্রতিনিধি সাকিবুর রহমান।
মতামত দিন