একটি রাজনৈতিক দল দেশকে পাকিস্তান বানাতে চায়: শামীম হায়দার
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, একটি রাজনৈতিক দল দেশটাকে পাকিস্তান বানাতে চায়। তারা মা-বোনদের অসম্মান করছে এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক পরিবর্তনের অপচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, এই দেশকে বাঁচাতে পারে একমাত্র জাতীয় পার্টি। একই সঙ্গে সুন্দরগঞ্জের মানুষকে নিরাপত্তা দিতেও সক্ষম জাতীয় পার্টি।
মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জ উপজেলার ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জাতীয় পার্টির নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মবের ভয়ে এই সরকার বিচার করতে পারছে না। যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিসাৎ করেছে, তাদের বিচার এ দেশের মাটিতেই হবে।
তিনি আরও বলেন, দেশের জন্য সব রাজনৈতিক দলই আন্দোলন করেছে এবং প্রত্যেক দলেরই কিছু ভুলত্রুটি রয়েছে। সে জন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কখনোই রাজনৈতিক সমাধান হতে পারে না।
জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশে এখন সুশাসনের অভাব রয়েছে এবং দেশ একটি ক্লান্তিলগ্নে দাঁড়িয়ে আছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে জাতীয় পার্টিকে ভোট দিতে হবে। মাত্র দেড় বছরে এই সরকার দেশকে নরকে পরিণত করেছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, মবের রাজনীতির বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। সুন্দরগঞ্জের ভাগ্য পরিবর্তনের জন্য লাঙল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টিকে সংসদে পাঠাতে হবে। তাহলেই সুন্দরগঞ্জের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
সভায় তিনি নির্বাচিত হলে ধুবনী কঞ্চিবাড়িকে আলাদা উপজেলা করার প্রতিশ্রুতিও দেন। তিনি বলেন, এটি আমার একটি অসমাপ্ত কাজ, যা আমি সম্পন্ন করতে চাই।
সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মো. ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মন্ডলসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
মতামত দিন