Views Bangladesh Logo

এবার সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলা: নিহত ১, আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বুধবার (২১ অক্টোবর) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে হতাহতের এ তথ্য জানায়। আহত সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিমানবন্দরে হামলার ধরন বা কারা এর পেছনে রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি সৌদি কর্তৃপক্ষ। হামলায় বিমানবন্দরের অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, একই দিন সৌদি আরবের জ্বালানি স্থাপনা লক্ষ্য করেও ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরামকোর পরিচালনাধীন শায়বাহ তেলক্ষেত্রের দিকে আসা একটি ড্রোন প্রতিহত করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত ও আরও দুজন আহত হন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা বেড়েছে। এর আগে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রাণঘাতী হামলা হয়। ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাতের মধ্যে এসব হামলার ঘটনা ঘটছে। তবে দাম্মাম বিমানবন্দরে সর্বশেষ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেছে বলে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ক্রমবর্ধমান নিরাপত্তাঝুঁকির প্রভাব পড়েছে বিমান চলাচলেও। দাম্মাম বিমানবন্দরে হামলার পর কিছু ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সৌদি আরবের গুরুত্বপূর্ণ বেসামরিক ও জ্বালানি স্থাপনাগুলোতে ধারাবাহিক হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ