Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২৫০

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চলতি বছরের মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ডেঙ্গুতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। অক্টোবরের প্রথম দুই দিনে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১৬৩ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। ঢাকার সিটি করপোরেশন এলাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯৫ জন।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে, ৩৩৩ জন। এছাড়া বরিশাল বিভাগে ১৫১ জন, খুলনায় ১১১ জন, ময়মনসিংহে ৭৭ জন এবং রংপুরে ৭১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৮২ হাজার ৭৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৬ হাজার ৮৬২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৬৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ