Views Bangladesh Logo

মেক্সিকোতে বিশ্বকাপ ম্যাচ জয়ের উদযাপনে প্রাণহানি বেড়ে ৪

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে মেক্সিকান জাতীয় ফুটবল দলের ম্যাচ জয়ের জয়ের বাঁধভাঙা উদযাপন রূপ নিয়েছে বিষাদে। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে উল্লাস চলাকালে চারজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। বুধবার (১ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানায় কর্তৃপক্ষ।

সরকারি হিসাব অনুযায়ী, মেক্সিকো দল ইকুয়েডরকে ২-০ গোলে হারানোর পর মঙ্গলবার রাতে মেক্সিকো সিটির রাস্তায় নামেন প্রায় ১৪ লাখ মানুষ। এই বিশাল জনস্রোতের সিংহভাগই জড়ো হয়েছিলেন ঐতিহাসিক স্থাপনা অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্সের সঙ্গে সংযোগকারী প্রধান সড়কের ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স’ মনুমেন্ট এলাকায়। সেখানেই এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।

স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, নিহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে প্রচণ্ড ভিড়ের মধ্যে শ্বাসরোধে। এদের মধ্যে ১৯ ও ৪৮ বছর বয়সী দুই নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। এছাড়া, একই এলাকায় উদযাপন চলাকালে খিঁচুনি ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রক্তক্ষরণে মারা যান ৩০ বছর বয়সী আরেকজন ব্যক্তি। বুধবার হৃৎ-শ্বাসযন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে মৃত্যু হয় তার।

উদযাপন চলাকালে হুড়োহুড়ি ও ভিড়ের কারণে মেক্সিকো সিটিতে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয় ১ হাজার ৬১৫ জনকে, যাদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হৃদয়বিদারক এই ঘটনার পর মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তে তাঁর প্রশাসনের পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মেক্সিকো সিটি সরকারের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমি, গতকাল অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্সে উদযাপনের সময় যারা প্রাণ হারিয়েছেন, তাদের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তাদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমরা আমাদের আন্তরিক সমবেদনা, সংহতি এবং এই কঠিন সময়ে পাশে থাকার প্রতিশ্রুতি জানাচ্ছি। তারা একা নন, শহর তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব মানবিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হবে।’

এ ছাড়াও বিশ্বকাপ ফুটবল উদযাপন ঘিরে মঙ্গলবার মেক্সিকোর ‘বাহা ক্যালিফোর্নিয়া সুর’ রাজ্যে গণপিটুনিতে আরও এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, গত ২৪ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের পর লস কাবোস শহরে একদল সমর্থকদের ওপরে আচমকা গাড়ি উঠিয়ে দেন তিনি। পরে তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন। প্রায় ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার তিনি মারা যান।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ