মেক্সিকোয় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বন্দুকধারীর হামলা, নিহত ১
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির প্রেসিডেন্ট ভবন ও ঐতিহ্যবাহী জোকালো পাবলিক স্কয়ারের পাশে বন্দুকধারীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল সোমবার এই হামলার ঘটনা ঘটে।
নগরীর নিরাপত্তাবিষয়ক সচিবালয় জানিয়েছে, এটি একটি ‘পরিকল্পিত বা সরাসরি হামলা’ ছিল। হামলায় ৪২ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ছাড়া ৩৯ বছর বয়সী দুই পুরুষ গুলিবিদ্ধ হয়েছেন।
সচিবালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, গুলি করার পরপরই মোটরসাইকেলে করে পালিয়ে যায় হামলাকারী। এ বিষয়ে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় পুলিশ জানিয়েছে, মেক্সিকো সিটির সান্তো ডোমিঙ্গো চত্বরে বন্দুক হামলার ঘটনাটি ঘটেছে। ঔপনিবেশিক স্থাপত্যে ঘেরা এই এলাকাটি দীর্ঘদিন ধরেই ভুয়া ও জাল কাগজপত্র তৈরির অবৈধ চক্রের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত।
মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে মাদক চোরাচালানকারী চক্রের গুলিতে হতাহতের ঘটনা নিয়মিত চিত্র হলেও রাজধানীর কেন্দ্রে, তাও আবার প্রেসিডেন্ট প্রাসাদের এত কাছাকাছি প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা বেশ বিরল। অবশ্য মেক্সিকো সিটিতে ‘ইউনিয়ন তেপিতো’ ও ‘ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়ন’-এর মতো আঞ্চলিক অপরাধী চক্র সক্রিয় থাকায় নগরজুড়ে এক ধরনের চাপা আতঙ্ক সবসময়ই বিরাজ করে।
সূত্র: এফপি
মতামত দিন