Views Bangladesh Logo

ক্যালিফোর্নিয়ায় বিশ্বকাপ ফ্যান জোনে গুলিতে নিহত ১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান জোসে শহরের একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্রে বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যেখানে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সম্প্রচারের জন্য একটি ‘ফ্যান জোন’ গড়ে তোলা হয়েছিল।

রোববার রাতে সংঘটিত এই গোলাগুলিতে একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

সান জোসে পুলিশ জানিয়েছে, হামলার সময় ওই ফ্যান জোনে কোনো ম্যাচ বড় পর্দায় প্রদর্শিত হচ্ছিল না। সে দিন টুর্নামেন্টের একমাত্র ম্যাচ—দক্ষিণ আফ্রিকা ও কানাডার মধ্যে শেষ ৩২ রাউন্ডের লড়াই স্থানীয় সময় দুপুর ২টার দিকেই শেষ হয়ে গিয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সান জোসে পুলিশ জানায়, ঘটনাস্থলেই একজন ভুক্তভোগীকে মৃত ঘোষণা করা হয়। দ্বিতীয় ভুক্তভোগীকে প্রাণসংকটাপন্ন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটিকে হত্যাকাণ্ড (হোমিসাইড) হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং তদন্তের স্বার্থে আশপাশের একাধিক সড়ক বন্ধ রাখা হয়েছে।

হামলাটি ঘটে সান জোসের ঐতিহাসিক সান পেড্রো স্কয়ারে, যা সান ফ্রান্সিসকো বে এরিয়ার অন্যতম জনপ্রিয় স্থান এবং যেখানে বিশ্বকাপের খেলা দেখতে প্রতিদিন হাজার হাজার ফুটবলপ্রেমীর সমাগম ঘটে থাকে। ঘটনার পরপরই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ক্যালিফোর্নিয়ার এই অঞ্চলে এটিই প্রথম বড় ধরনের সহিংসতার ঘটনা। পুরো বে এরিয়াজুড়ে বিশ্বকাপের খেলা দেখানোর জন্য এ ধরনের প্রায় ডজনখানেক ফ্যান জোন বা ওয়াচ পার্টির আয়োজন রয়েছে। এই ঘটনার পর বিশ্বকাপ ঘিরে নানা বৃহৎ আয়োজনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রয়টার্স।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ