কুয়েত বিমানবন্দরে ইরানি হামলা, প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় অন্তত একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েত সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘নৃশংস ও অব্যাহত আগ্রাসন’ বলে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে চালানো এই হামলায় আবারও বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি কয়েকটি কূটনৈতিক মিশনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। কুয়েত সরকার বলেছে, নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং ইরানের আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে।
এদিকে কুয়েত ও বাহরাইনে ইরানের হামলার নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়া এবং বেসামরিক হতাহতের ঘটনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এসব হামলা ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতির পরিপন্থী এবং বেসামরিক ব্যক্তি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু না করার আন্তর্জাতিক বাধ্যবাধকতার লঙ্ঘন বলে উল্লেখ করেছে তারা।
বেসামরিক অবকাঠামোয় হামলার বিরোধিতা করে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে কাতার। একই সঙ্গে কুয়েত ও বাহরাইনের প্রতি সংহতি জানিয়ে দেশ দুটির নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পদক্ষেপে সমর্থনের কথা জানিয়েছে দোহা। হামলায় আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছে দেশটি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে