Views Bangladesh Logo

বংশালে মোটরসাইকেল যন্ত্রাংশের গুদামে বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত

পুরান ঢাকার বংশালে মোটরসাইকেল যন্ত্রাংশের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় গুদামের দেয়ালের একটি অংশ ধসে পড়েছে।

শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বংশালের মুকিম বাজার এলাকার শিয়া গলিতে একটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন (৩৫) যশোরের শার্শা উপজেলার বাসিন্দা। তিনি মোটরসাইকেল যন্ত্রাংশের ব্যবসা করতেন।

বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল হোসেন (৩৩)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়া গলির 'হালিম মোটরস'-এর পেছনে অবস্থিত ওই মোটরসাইকেল যন্ত্রাংশের গুদামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় গুদামের একটি দেয়াল ধসে পড়ে এবং ভেতরে থাকা দুই ভাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইন-চার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি বংশাল থানাকে অবহিত করা হয়েছে।”

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ