Views Bangladesh Logo

কানসাসে আর্জেন্টাইন সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

যুক্তরাষ্ট্রের কানসাস সিটির দুটি ইন্টারস্টেট সড়কে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে আর্জেন্টাইন সমর্থকদের বহনকারী গাড়ির একজন উবার চালকও রয়েছেন। সন্দেহভাজন হামলাকারীকে ধরতে বৃহস্পতিবার পর্যন্ত অভিযান চালায় পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ দেখতে যাওয়া একদল আর্জেন্টাইন সমর্থক উবারে চড়ে মাঠের দিকে রওনা হন। পথিমধ্যে তাদের গাড়িটিকে লক্ষ্য করে পাশ থেকে গুলি ছোড়া হয়।

এ বিষয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওনকে একজন সমর্থক বলেন, গাড়িটি চলার সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি গাড়ি থেকে দুটি গুলি ছোড়া হয়। গুলিটি চালকের পায়ে লাগে। সেই সময় চালক গাড়িটি থামিয়ে দিলে আমরা বুঝতে পারি তার পায়ে গুলি লেগেছে এবং তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন। পরে আমরা পুলিশকে ফোন করি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কানসাস সিটির ইন্টারস্টেট ৬৭০ ও ইন্টারস্টেট ৭০ মহাসড়কের একাধিক স্থানে এই গুলিবর্ষণের ঘটনাটি ঘটে। তবে পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে বিশ্বকাপ ম্যাচ বা টুর্নামেন্টের কোনো সম্পর্ক নেই।

পুলিশ ইতিমধ্যে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করেছে। ২২ বছর বয়সী ওই যুবকের নাম অস্কার সানচেজ-মুনিজ। সে অত্যন্ত বিপজ্জনক এবং তার কাছে ভারী অস্ত্র রয়েছে বলে সতর্কতা জারি করেছে পুলিশ।

গুলিবর্ষণের ঘটনার কিছুক্ষণ পরেই হামলাকারীকে ধরতে ইন্ডিপেন্ডেন্স শহরের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে অভিযান চলাকালে বাড়িটিতে আগুন লেগে যায়। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে এলে পুলিশ ভেতরে তল্লাশি চালালেও কাউকে পাওয়া যায়নি।

এক সংবাদ সম্মেলনে কানসাস সিটি পুলিশের প্রধান স্টেসি গ্রেভস বলেছেন, সন্দেহভাজন এই হামলাকারীকে ধরতে আমরা সর্বোচ্চ জোর তৎপরতা চালাচ্ছি। যত দ্রুত সম্ভব তাকে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর।

এই হামলার ১০ দিন আগে কানসাস সিটিতে ইংল্যান্ডের বিশ্বকাপ বেস ক্যাম্প থেকে মাত্র চার মাইল দূরে আরেকটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেই ঘটনায়ও নয়জন আহত হয়েছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ