জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য নতুন সিলেবাসের পত্রকোড ২১২১০৯-এর পরীক্ষাটি এ সিদ্ধান্তের আওতায় পড়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় জানিয়েছে।
স্থগিত হওয়া ২১২১০৯ কোডের বিষয়টি ‘ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক’ বা ‘সমাজকর্ম পরিচিতি’। আগামী বৃহস্পতিবার এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এই একটি পরীক্ষা ছাড়া অনার্স প্রথম বর্ষের অন্যান্য বিষয়ের পরীক্ষায় কোনো পরিবর্তন আনা হয়নি। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সেসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি জরুরি ভিত্তিতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। তাই পরীক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন