Views Bangladesh Logo

রাজধানীতে নব্য জেএমবির সদস্য অভিযোগে একজন গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে আহসান জহীর খান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সিটিটিসির দাবি, তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ‘এহসার’ পর্যায়ের সদস্য এবং নব্য জেএমবির সক্রিয় কর্মী।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার সন্ধ্যা প্রায় ৭টার দিকে শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যান লেকের দক্ষিণ–পশ্চিম অংশে অভিযান চালিয়ে আহসান জহীর খানকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসির সূত্র জানায়, গ্রেপ্তার আহসান জহীর খান ও তার পলাতক সহযোগীরা নব্য জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতিসাধনের উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রস্তুতি নিতে ঘটনাস্থলে একত্র হয়েছিলেন।

সূত্র আরও জানায়, আহসান ও তার সহযোগীরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গ্রুপ চ্যাট, ব্যক্তিগত চ্যাট ও চ্যানেলের মাধ্যমে ভিন্ন ভিন্ন ছদ্মনামে যোগাযোগ রাখতেন। এসব মাধ্যম ব্যবহার করে তাঁরা উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে কার্যক্রম পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আহসানের বিরুদ্ধে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তাকে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ