ঢাকা উত্তরে আইনশৃঙ্খলা সমন্বয় কাউন্সিলের নেতৃত্বে ওমর ও শামসুল
রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ‘ল অ্যান্ড অর্ডার কো-অর্ডিনেশন কাউন্সিল’ (এলওসিসি)-এর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যারিস্টার ওমর সাদাতকে সভাপতি এবং শামসুল আরেফিনকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে। তারা ২০২৬-২০২৮ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
শনিবার (১ আগস্ট) গুলশান থানায় অবস্থিত এলওসিসির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটি এবং গুলশান ইয়ুথ ক্লাবের যৌথ উদ্যোগে পরিচালিত এ প্ল্যাটফর্মের সভায় প্রধান অতিথি ছিলেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোখলেস ইসলাম এবং রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে এলওসিসি গুলশান থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পুলিশ, সিটি করপোরেশন, স্থানীয় সোসাইটি ও বাসিন্দাদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে এলাকাটিকে আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে কাজ করছে সংস্থাটি। আধুনিক সিসিটিভি নজরদারি, কমিউনিটি পুলিশিং এবং অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে গুলশানকে ‘জিরো ক্রাইম’ মডেল এলাকায় পরিণত করার প্রচেষ্টার কথাও তুলে ধরা হয়।
নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নাগরিক সমাজের সমন্বিত অংশীদারিত্বই এলওসিসির মূল শক্তি। আগামী দুই বছর গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে আরও নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও সুশৃঙ্খল করে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
অনুষ্ঠানে ডিএমপি ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সোসাইটির প্রতিনিধি এবং গুলশান ইয়ুথ ক্লাবের নেতারা উপস্থিত ছিলেন। সভা শেষে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এলওসিসির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।
মতামত দিন