হরমুজ প্রণালি পুনরায় চালু করতে আলোচনায় ওমান-ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ওমান ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন।
রোববার ওমানের সরকারি বার্তা সংস্থা এক্সে জানায়, প্রণালিটি সচল করার লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন বিকল্প নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
ওমান ও ইরান — উভয় দেশের সীমান্তই এই কৌশলগত প্রণালির সঙ্গে যুক্ত। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে তেহরান কার্যত এই পথটি বন্ধ করে রেখেছে।
কূটনৈতিক আলোচনার মধ্যেও ইরানের ওপর আকাশপথে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ইরানের কোহগিলুয়েহ এবং বোয়ার-আহমদ প্রদেশে মার্কিন হামলায় অন্তত ৯ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, গত এক দিনে তারা ইরানের ১২০টিরও বেশি আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় আঘাত হেনেছে।
ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম ইরানের একটি প্রধান পেট্রোকেমিক্যাল কেন্দ্রে হামলায় পাঁচজন নিহত ও ১৭০ জন আহত হয়েছেন। এ ছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদাবিল প্রদেশের মোগান সমভূমিতে হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পাঁচজন সদস্য নিহত হয়েছেন।
ইরানের পাল্টা ড্রোন হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইনের বাপকো তেল স্থাপনায় লাগা আগুন নেভানো সম্ভব হয়েছে। আবুধাবির বোরুগ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগায় উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এদিকে ইরানের একটি রকেট দক্ষিণ ইসরায়েলের বীরশেবার নিওট হোভাভ শিল্পাঞ্চলে আঘাত হানলে রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধ শুরুর পর এটি ওই এলাকায় তৃতীয় হামলা। এর আগে বীরশেবা ও ডিমোনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার সংকেত পেয়ে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড সতর্কবার্তা জারি করেছিল। লেবানন থেকে রকেট হামলার পর আপার গ্যালিলিতেও সাইরেন বাজানো হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে