Views Bangladesh Logo

মধ্যপ্রাচ্যে সরবরাহ ঝুঁকিতে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল, পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) লেনদেন শেষে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বাজারেও অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ৫৫ সেন্ট বা ৩ দশমিক ১৪ শতাংশ বেড়ে ১১৬ ডলার ৭২ সেন্টে পৌঁছায়। গত ২৯ এপ্রিলের পর এটি ব্রেন্টের সর্বোচ্চ দাম। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ ডলার ৮০ সেন্ট বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০৩ ডলার ২৭ সেন্টে।

সপ্তাহের হিসাবে ব্রেন্টের দাম বেড়েছে ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ। বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং তেল পরিবহন ও উৎপাদন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা মূল্যবৃদ্ধির অন্যতম কারণ।

এলপিএল ফাইন্যান্সিয়ালের প্রধান কৌশলবিদ অ্যাডাম টার্নকুইস্টের মতে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন স্থানে ইরান-সমর্থিত হুতিদের ধারাবাহিক হামলা তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ফলে বাজারে সরবরাহ ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে এবং দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুয়াইন উপকূলে একটি তেলবাহী জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে দেশটির পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কোন জাহাজ থেকে তেল ছড়িয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। তেল ছড়িয়ে পড়ার কারণে উপকূলীয় এলাকার কয়েকটি সৈকত বন্ধ রাখা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় তেল অপসারণের কার্যক্রম শুরু হয়েছে।

সরবরাহ পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশ কৌশলগত মজুত থেকে জ্বালানি বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ লুইজিয়ানার একটি শোধনাগারের সরবরাহসংক্রান্ত সমস্যা মোকাবিলায় কৌশলগত মজুত থেকে সর্বোচ্চ চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিনিময়ের অনুমোদন দিয়েছে। জার্মানিও কৌশলগত মজুত থেকে ডিজেল, হিটিং অয়েল ও অপরিশোধিত তেল বিক্রির উদ্যোগ নিয়েছে।

অন্যদিকে, লিবিয়ায় হামাদা ও তাহারা তেলক্ষেত্র থেকে জাওইয়া বন্দরে তেল পরিবহনের পাইপলাইনের একটি ভালভ বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম নিয়ন্ত্রণে রাখার উদ্যোগের অংশ হিসেবে রাশিয়া থেকে ডিজেলবাহী একটি জাহাজ নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে তেল উৎপাদন, পরিবহন ও রপ্তানিতে নতুন বাধা তৈরি হতে পারে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম আরও অস্থির হওয়ার ঝুঁকি রয়েছে।

সূত্র: রয়টার্স

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ