হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার চলাচল কমেছে ৯০%
মার্কিন ও ইসরায়েলি হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে। এতে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার (৪ মার্চ) জ্বালানি বাজার বিশ্লেষণকারী আন্তর্জাতিক সংস্থা কেপলার এ তথ্য জানায়।
বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, তারা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়েছেন।
তবে কেপলারের বিশ্লেষণে বলা হয়েছে, এ দাবি সম্পূর্ণ সঠিক নয়। ঝুঁকি সত্ত্বেও কিছু তেলবাহী জাহাজ এখনও এই পথ ব্যবহার করছে।
কেপলারের বিশ্লেষক ম্যাট রাইট জানান, অন্যান্য ধরনের জাহাজের চলাচল প্রায় বন্ধ হয়ে গেলেও কিছু ট্যাঙ্কার পূর্ব ও পশ্চিমমুখী যাত্রা অব্যাহত রেখেছে। তবে শনাক্তকরণ এড়াতে অনেক জাহাজ অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) বন্ধ রেখে, অর্থাৎ ‘ব্ল্যাকআউট’ অবস্থায় চলাচল করছে।
চলমান সংঘাতের কারণে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ কার্যত অচল হয়ে পড়ায় বাজারে তেলের সরবরাহ ও দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে