Views Bangladesh Logo

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ট্যাংকারটির অধিনায়ক জানিয়েছেন, একটি অজ্ঞাত বস্তু জাহাজটির নিয়ন্ত্রণকক্ষ বা কমান্ড সেন্টারে আঘাত হানে।

তবে হামলায় জাহাজের সব নাবিক নিরাপদ রয়েছেন এবং কোনো ধরনের তেল ছড়িয়ে পড়া বা পরিবেশগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন অধিনায়ক।

ঘটনার কারণ ও হামলার উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি স্থাপনায় হামলা চালায়। এরপর ইরানও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে শনিবার সকালে বাহরাইন অভিযোগ করেছে, ইরান তাদের ভূখণ্ডে ড্রোন হামলা চালিয়েছে।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশটির সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

বিবৃতিতে দাবি করা হয়, হামলায় একাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে কোন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বাহরাইনের দাবি, এ ধরনের হামলা বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে এবং অঞ্চলের উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

তবে যুক্তরাষ্ট্র, ইরান ও বাহরাইনের পক্ষ থেকে উত্থাপিত এসব সামরিক দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল জাজিরা

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ