ইরান-ইসরায়েল সংঘাত
বিশ্ববাজারে ৯ শতাংশ বেড়েছে তেলের দাম
ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এরপরেই জ্বালানি তেলের বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশেরও বেশি বেড়েছে। শুক্রবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরাইলের হামলার সরাসরি প্রতিক্রিয়া পড়েছে তেলের বাজারে। শুক্রবার সকালে বিশ্ববাজারে তেলের দাম ৯ শতাংশেরও বেশি বেড়ে গত পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ৬ দশমিক ২৯ ডলার বা ৯ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭৫ দশমিক ৬৫ ডলারে, যা ২৭ জানুয়ারি থেকে সর্বোচ্চ। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৯ দশমিক ৪৫ শতাংশ বা ৬ দশমিক ৪৩ ডলার বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ৭৪ দশমিক ৪৭ ডলারে, যা ২১ জানুয়ারি থেকে সর্বোচ্চ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে