সিরিয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা, বেড়েছে তেলের দাম
সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর মধ্যপ্রাচ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সোমবার বিশ্ববাজারে তেলের দাম বাড়ার খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। তবে বছর শেষে তেলের বাজারে আর দাম বাড়বে না বলে মনে করেন মিতসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসালটিংয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ তোমোমিচি আকুতা।
তিনি আরও বলেন, তেলের বাজারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি ও মধ্যপ্রাচ্য নীতির প্রভাব কী হয়, সে ব্যাপারে আগাম কোনো ইঙ্গিত পাওয়া যায় কি না, বিনিয়োগকারীরা মূলত সেদিকে তাকিয়ে আছেন।
রয়টার্স জানিয়েছে, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৬ সেন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭১ ডলার ৪৮ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) তেলের দাম ৩৮ সেন্ট বা ০.৫৭ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৭ ডলার ৫৮ সেন্ট।
এর আগে রোববার সিরিয়ার বিদ্রোহীরা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেয় যে, তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, যা ৫৩ বছরের পারিবারিক শাসনের অবসান ঘটিয়েছে। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা আরও বাড়বে।
তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ও তাদের সহযোগীরা ওপেক প্লাস হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের পাশাপাশি ওপেক প্লাসও তেলের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা আগামী এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছে, যা বিশ্ববাজারে প্রভাব ফেলতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে