ফের বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা সংলাপ ও শান্তিচুক্তির প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) আগের দিনের তুলনায় তেলের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এদিন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেল বিক্রি হয়েছে ১১১.২২ ডলারে, যা সোমবারের তুলনায় ২.৯৯ ডলার বা প্রায় ২.৭৬ শতাংশ বেশি।
একইভাবে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়েছে। মঙ্গলবার প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৯৮.৯১ ডলারে, যা আগের দিনের তুলনায় ২.৫৪ ডলার বা প্রায় ২.৬৪ শতাংশ বেশি।
এদিকে, ব্যারেলপ্রতি তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যাওয়া বাজারের জন্য ‘বিপদ সংকেত’ বলে মন্তব্য করেছেন জ্বালানি বাজার বিশ্লেষকরা। রাইস্ট্যাড এনার্জির বিশ্লেষক হোর্হে লিওনের মতে, বর্তমান পরিস্থিতিতে ভূ-রাজনৈতিক ঝুঁকিই তেলের দাম নির্ধারণে বড় ভূমিকা রাখছে, যা বাজারের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।
তিনি আরও বলেন, শান্তি আলোচনা অনিশ্চিত থাকা এবং হরমুজ প্রণালির পরিস্থিতি স্পষ্ট না হওয়ায় ব্যবসায়ীরা বৈশ্বিক জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কা করছেন। এমনকি সম্ভাব্য কোনো চুক্তি হলেও, যদি হরমুজ প্রণালির সংকট সমাধান না হয়, তবে তেলের বাজারে অস্থিরতা থেকেই যেতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে