Views Bangladesh Logo

বিশ্ববাজারে ফের তেলের দাম ঊর্ধ্বমুখী, ব্রেন্ট ছাড়াল ৯০ ডলার

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত তীব্র হওয়ায় এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সোমবার (২০ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে।

বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টা ৪১ মিনিটে সেপ্টেম্বরে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ০৯ ডলার বা ২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ১৯ ডলারে পৌঁছায়। এটি গত ১১ জুনের পর সর্বোচ্চ দাম।

একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৭১ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ২০ ডলারে ওঠে, যা ১২ জুনের পর সর্বোচ্চ।

গত সপ্তাহেও জ্বালানি তেলের বাজারে বড় উল্লম্ফন দেখা গেছে। ব্রেন্ট ক্রুডের দাম এক সপ্তাহে ১৫ দশমিক ৯ শতাংশ এবং আগস্টে সরবরাহযোগ্য ডব্লিউটিআই ক্রুডের দাম ১৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এপ্রিল ও মার্চের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক মূল্যবৃদ্ধি।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হওয়ায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে বিশ্ব তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে অস্থিরতা বাজারে মূল্যবৃদ্ধির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষক প্রতিষ্ঠান আইএনজি জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। ফলে বাজারে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে এবং সংঘাত আরও দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দামে নতুন করে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হতে পারে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেই প্রাণহানির ঘটনা ঘটছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েত ও বাহরাইনও নতুন করে ইরানের হামলার মুখে পড়ার দাবি করেছে। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যজুড়ে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ