Views Bangladesh Logo

যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

ইরানের দেওয়া সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম ও বন্ডের সুদহার (ইল্ড) বেড়েছে। এর ফলে বিশ্বজুড়ে ফের মূল্যস্ফীতি বৃদ্ধি ও জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১ শতাংশের বেশি বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলার অতিক্রম করেছে। একই সময়ে দাম বেড়েছে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটেরও (ডব্লিউটিআই)। এর আগে গত শুক্রবার ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবের খবর ছড়িয়ে পড়লে উভয় বেঞ্চমার্কেই তেলের দাম ২ শতাংশের বেশি কমেছিল।

গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে উপস্থাপন করা ওই প্রস্তাবে ইরান যুদ্ধবিরতি নিশ্চিত করার পাশাপাশি বিশ্বজুড়ে খনিজ তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করে দেওয়ার অঙ্গীকার করে। তবে সেই প্রস্তাব নাকচ করে দিলেও তেহরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প।

বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে অবরুদ্ধ ইরানি অর্থ অবমুক্ত করা, তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের মতো কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে ইরান।

তেলের দাম বৃদ্ধির প্রত্যক্ষ প্রভাব পড়েছে এশীয়ার শেয়ারবাজারে। সোমবার সিউল, টোকিও, সাংহাইসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ শেয়ারবাজারে সূচকের পতন ঘটেছে। এর পাশাপাশি জ্বালানির চড়া মূল্যের কারণে সম্ভাব্য মূল্যস্ফীতির ঝুঁকি হিসাব করে বন্ডের সুদহার বাড়িয়েছেন বিনিয়োগকারীরা, যা যুক্তরাষ্ট্রের পরবর্তী মুদ্রানীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারে।

পরিস্থিতি পর্যালোচনায় বাজার বিশ্লেষকরা জানান, সাময়িক ধাক্কা সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক সমাধানের পথ এখনও বন্ধ হয়নি বলে মনে করছেন বিনিয়োগকারীরা। ফলে আলোচনা প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয় কি না, এখন সেটির ওপরই নির্ভর করছে বৈশ্বিক বাজার পরিস্থিতি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ