হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
আব্বাস আরাঘচির হরমুজ প্রণালি সব বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখার ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।
রয়টার্সের বরাতে জানা যায়, ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১১ শতাংশ পর্যন্ত কমে যায়।
শুক্রবার (১৭ এপ্রিল) গ্রিনিচ মান সময় দুপুর ১টা ৪০ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০ দশমিক ৫৯ ডলার কমে দাঁড়ায় ৮৭ দশমিক ৭১ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০ দশমিক ৮০ ডলার কমে ৮৩ দশমিক ৮৯ ডলারে নেমে আসে। দুই ক্ষেত্রেই দাম গত ১১ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে উত্তেজনা কমে যাওয়ার ইঙ্গিতেই বাজারে এই প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জিওভান্নি স্টাউনোভো বলেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলে পরিস্থিতি আরও স্থিতিশীল হতে পারে কি না, সেটিই এখন বাজারের মূল নজর।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ কমায় বিনিয়োগকারীরা ঝুঁকি কম মনে করছেন, যার প্রভাবেই তেলের দামে এই দ্রুত পতন ঘটেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে