Views Bangladesh Logo

ইরান-ইসরাইল উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস

ইরান ও ইসরাইলকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে তীব্র ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক শেয়ারবাজারেও, যেখানে সূচকগুলোতে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে।

সোমবার (২ মার্চ) এশিয়ার বাজারে লেনদেন শুরুর পর ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফে ১৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। যদিও দিনের শেষভাগে দাম কিছুটা স্থিতিশীল হয়ে আসে, তবে টোকিও সময় দুপুর নাগাদ আন্তর্জাতিক এই বেঞ্চমার্ক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬.৪৮ ডলারে লেনদেন হচ্ছিল। বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের এই সংঘাতের সুদূরপ্রসারী প্রভাব নিয়ে শঙ্কিত থাকায় বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।

জ্বালানি তেলের এই আকাশচুম্বী দামের বিপরীতে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। সোমবার লেনদেনের শুরুতে এশিয়ার প্রধান বাজারগুলো নিম্নমুখী প্রবণতা দেখিয়েছে। হংকংয়ের হ্যাং সেং ইনডেক্স প্রায় ২ শতাংশ এবং জাপানের নিক্কেই ২২৫ ইনডেক্স ১.৫ শতাংশ পয়েন্ট হারিয়েছে।
বিনিয়োগকারীদের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট অনিশ্চয়তা কাজ করায় তারা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে আসছেন, যার নেতিবাচক প্রভাব পড়ছে সূচকে।

যুক্তরাষ্ট্রের বাজারেও এর প্রভাব পড়েছে। নিয়মিত লেনদেন শুরুর আগেই এসএন্ডপি ৫০০ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিটের ফিউচার ট্রেডিংয়ে প্রায় ০.৭ শতাংশ পতন দেখা গেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার ঝুঁকি বাড়বে এবং তা বিশ্ব অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করতে পারে।

সূত্র: আল জাজিরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ