বিশ্ববাজারে তেলের দাম কমল
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার সকালে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরান ইস্যুতে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনায় তেলের বাজারে দাম কমেছে। পাশাপাশি ইয়েমেনের হুতিদের অব্যাহত হামলার মধ্যেও সৌদি আরব থেকে তেল সরবরাহ আংশিকভাবে পুনরুদ্ধারের বিষয়টি বিনিয়োগকারীরা বিবেচনায় নিচ্ছেন।
সোমবার সকালে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ০৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ১৫ ডলারে নেমে আসে।
রয়টার্সকে কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, তেলের দামের সঙ্গে যুক্ত ঝুঁকিজনিত বাড়তি মূল্য বা ‘রিস্ক প্রিমিয়াম’ কিছুটা কমে যাচ্ছে বলে মনে হচ্ছে। এর পেছনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক কোনো পথ বেরিয়ে আসার সম্ভাবনার প্রত্যাশা কাজ করছে।
তবে এই প্রত্যাশা কতটা যৌক্তিক বা বাস্তবসম্মত, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মতামত দিন