বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণে কিছুটা স্বস্তি ফেরায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। সরবরাহ বাড়ার প্রত্যাশায় বাজারে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৪৭ সেন্ট বা ০.৪৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫.৩৭ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২৩ সেন্ট বা ০.২৬ শতাংশ কমে হয়েছে ৮৮.৩৩ ডলার।
গত শুক্রবারও দাম কমে লেনদেন শেষ হয়। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ থেকে সৃষ্ট ভূরাজনৈতিক ঝুঁকি কমছে কি না, তা খতিয়ে দেখছিলেন বিনিয়োগকারীরা। তার আগের সপ্তাহে ব্রেন্টের দাম ১৬ শতাংশ ও ডব্লিউটিআইয়ের দাম ১৩ শতাংশ কমেছিল।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানায়, চলতি বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে চাহিদার চেয়ে বেশি তেল সরবরাহ হতে পারে। মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি দ্রুত স্বাভাবিক হওয়াকে এর কারণ হিসেবে দেখানো হয়েছে। সংস্থাটির পূর্বাভাস, এ সময়ে দৈনিক গড় সরবরাহ হবে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল, যা সম্ভাব্য চাহিদার চেয়ে দৈনিক ১৭ লাখ ব্যারেল বেশি। অথচ এর আগে একই সময়ে সরবরাহ ঘাটতির আশঙ্কা করেছিল সংস্থাটি। তবে জাহাজ চলাচলে হামলার ঝুঁকি এখনো রয়ে গেছে বলে সতর্ক করেছে আইইএ।
কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর এই প্রথম ব্যবসায়ীরা ঘাটতির বদলে বাড়তি সরবরাহের সম্ভাবনা বিবেচনা করছেন। এতে বাজারের মনোভাব বদলে যাচ্ছে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোন্স অ্যাক্টের ছাড়ের মেয়াদ আরও ৯০ দিন বাড়িয়েছেন। এই আইনে যুক্তরাষ্ট্রের এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য নিতে মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহার করতে হয়। ছাড় থাকায় বিদেশি পতাকাবাহী জাহাজও দেশটির বন্দরগুলোর মধ্যে তেল, পেট্রল ও ডিজেল পরিবহণ করতে পারবে।
তবে ঝুঁকি পুরোপুরি কাটেনি। হরমুজ প্রণালিতে চলাচলের ঝুঁকি ও ট্যাংকারের স্বল্পতায় পরিবহণ খরচ এখনো চড়া। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার রাতে প্রণালির পূর্বাংশে একটি নৌমাইনে আঘাত লেগে তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়।
মতামত দিন