আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আরও শক্তিশালী হওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক অগ্রগতি ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি করেছে, যা বিশ্ববাজারে তেলের দামের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে।
গ্রিনিচ মান সময় (জিএমটি) বুধবার রাত ১২টা ১৫ মিনিটের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে ৯৭ দশমিক ১৪ মার্কিন ডলারে নেমে এসেছে। এছাড়া একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি কমে ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ, যার ফলে এই তেলের দাম ৯৫ দশমিক ৪০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং যুদ্ধাবস্থার কারণে গত কয়েক মাস ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী ছিল। তবে ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তি আলোচনা এবং যুদ্ধবিরতি চুক্তি আরও জোরদার হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কমতে শুরু করে। এর ফলেই তেলের বাজারে দামের এই পতন দেখা গেছে।
আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, কূটনৈতিক সমঝোতা সফলভাবে কার্যকর হলে এবং ইরানকে কেন্দ্র করে চলমান সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির স্থায়ী অবসান ঘটলে বিশ্ববাজারে তেলের সরবরাহ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।
তাদের মতে, এর ফলে আগামী দিনগুলোতে জ্বালানি তেলের দাম আরও কমে সাধারণ ভোক্তাদের নাগালের মধ্যে চলে আসতে পারে। তবে ওমান উপসাগর ও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথগুলোর বর্তমান নিরাপত্তা পরিস্থিতির ওপরও বিশ্ববাজারের ভবিষ্যৎ প্রবণতা অনেকাংশে নির্ভর করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সূত্র: আল-জাজিরা

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে