Views Bangladesh Logo

বিশ্ববাজারে কমল তেলের দাম, বাড়ল সোনার মূল্য

সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে, অন্যদিকে নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় সোনার দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত ইরানের ওপর নতুন হামলা থেকে বিরত থাকার ঘোষণা দেওয়ায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার আশা তৈরি হয়েছে। এর প্রভাবে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫ শতাংশের বেশি কমে ৮৩ দশমিক ৩৩ ডলারে নেমে এসেছে।

ট্রাম্পের এই অবস্থানের পর মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়তে পারে—এমন আশঙ্কা কিছুটা কমেছে। এর ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে। গ্রিনিচ মান সময় ভোর ৪টা ৩৭ মিনিটে স্পট বাজারে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৮ দশমিক ৫৪ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের সোনার ফিউচারের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬৬ দশমিক ৬০ ডলারে।

এদিকে জাপানের কর্তৃপক্ষ ইয়েনের মান ধরে রাখতে বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করায় মার্কিন ডলারের ওপর চাপ তৈরি হয়েছে। এতে ডলারে মূল্য নির্ধারিত সোনা বিদেশি ক্রেতাদের জন্য তুলনামূলক সস্তা হয়ে ওঠে, যা দাম বৃদ্ধিতে সহায়তা করেছে।

বাজার বিশ্লেষকেরা বলছেন, সপ্তাহের শুরুতে সোনার বাজার ইতিবাচক থাকলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও তেলের বাজারের অনিশ্চয়তার কারণে বড় ধরনের মূল্যবৃদ্ধির সম্ভাবনা এখনই নেই।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার ইরানের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে সমঝোতার জন্য তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেননি। তাঁর এই ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়।

অন্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। স্পট বাজারে রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৮ দশমিক ৪৬ ডলার, প্লাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৬৫০ দশমিক ৬৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৩ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ