রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম
রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা থেকে সরে আসার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। সোমবার (১৯ অক্টোবর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৯২ ডলারে নেমে আসে।
এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মাধ্যমে রাশিয়াকে লক্ষ্য করে পরিকল্পিত কিছু নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই বাতিল করা হয়। প্রস্তাবিত ব্যবস্থার মধ্যে রাশিয়ার পণ্যে শুল্ক আরোপ এবং দেশটির কাছ থেকে তেল ও গ্যাস কেনার কারণে সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ও ছিল।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে গত শুক্রবার তেলের দাম বেড়ে যায়। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারে পৌঁছায়, যা মে মাসের পর সর্বোচ্চ পর্যায় ছিল।
রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকরের ক্ষেত্রে ছাড় দেওয়ায় দেশটি থেকে জ্বালানি রপ্তানি বাড়তে পারে বলে বাজারে প্রত্যাশা তৈরি হয়েছে। এতে সরবরাহ বাড়ার সম্ভাবনা তেলের দামের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করেছে। তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় বিশ্ববাজারে তেলের দাম কোন দিকে যাবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
মতামত দিন