শান্তিচুক্তির খবরে বিশ্ববাজারে তেলের বড় দরপতন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বৈশ্বিক বাজারে তেলের দাম আরও কমলো। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস পাওয়ার পাশাপাশি তেল সরবরাহে বিঘ্ন ঘটার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) এশিয়ান অঞ্চলের লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১.৯ শতাংশ কমে যায়। গ্রিনিচ মান সময় রাত সাড়ে ৪টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) আগস্টের সরবরাহ চুক্তিতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৭৮ দশমিক ০৭ মার্কিন ডলারে।
এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলে অপরিশোধিত তেলের দাম সাময়িকভাবে ব্যারেল প্রতি ৮১ ডলার ছাড়িয়ে গিয়েছিল। তবে পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়ার খবর প্রকাশ পেলে তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা উল্টে যায় এবং দাম কমতে শুরু করে। অবশ্য সাম্প্রতিক সময়ে দাম কিছুটা কমলেও চলমান সংঘাত শুরু হওয়ার আগের সময়ের তুলনায় তেলের দাম এখনো প্রায় ৭ শতাংশ বেশি রয়েছে।
এদিকে ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়ায় এশিয়ার শেয়ার বাজারগুলোতে ইতিবাচক প্রভাব দেখা গেছে। জাপানের প্রধান শেয়ার সূচক 'নিক্কেই ২২৫' ২ শতাংশের বেশি এবং দক্ষিণ কোরিয়ার 'কসপি' ১.৭ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এছাড়া তাইওয়ানের 'তাইএক্স' সূচক ১.৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে এর বিপরীত চিত্র দেখা গেছে হংকংয়ের 'হ্যাং সেং' সূচকে, যা ১.৭ শতাংশ হ্রাস পেয়েছে।
অন্যদিকে হরমুজ প্রণালিসহ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-পরিবহন রুটগুলোতে ঝুঁকি কমে আসার সম্ভাবনায় বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বেড়েছে। তবে এত কিছুর পরও নৌ-পরিবহন সংস্থাগুলো এখনও এই অঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
মতামত দিন