Views Bangladesh Logo

হুথিদের হামলার জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

সৌদি আরবে হুথিদের নতুন করে হামলার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার উদ্বেগও তেলের বাজারে প্রভাব ফেলছে। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১১০ দশমিক ১১ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৯৭ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ১২ ডলারে পৌঁছায়। গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৪ মিনিটে এ দর রেকর্ড করা হয়।

এর আগে বুধবারের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় অপরিবর্তিত ছিল। তবে ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট কমেছিল। এক দিনের ব্যবধানে দুই ধরনের অপরিশোধিত তেলের দামেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সৌদি আরবে হুথিদের হামলা এবং মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের আশঙ্কায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়ছে জ্বালানি সরবরাহের সম্ভাব্য পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে। সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কায় অপরিশোধিত তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ