Views Bangladesh Logo

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জমা দেওয়া তার এই মনোনয়নটি শনিবার (২ মে) যাচাই-বাছাই শেষে বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ঠিক পরেই মনোনয়নপত্র জমা দিতে গেলে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশনা প্রদান করেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করে এবং যাচাই-বাছাই শেষে সেটিকে বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে, এনসিপির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। জানা গেছে, রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংক থেকে তার পদত্যাগের পর এখনো তিন বছর পূর্ণ না হওয়ায় নির্বাচনী আইন অনুযায়ী তিনি অযোগ্য বলে বিবেচিত হন।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন প্রার্থীর নাম গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন। এই গেজেটে বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় নির্বাচনী জোটের ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর নাম রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গেজেটভুক্ত সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি চলছে। তবে আইনি জটিলতার কারণে একটি আসনের প্রার্থীর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ