Views Bangladesh Logo

জনসংখ্যা কমলেও জাপানে বাড়ছে শতবর্ষী মানুষ, সংখ্যা ছাড়াল ১ লাখ

জনসংখ্যা কমে যাওয়ার প্রবণতা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকলেও জাপানে দ্রুত বাড়ছে শতবর্ষী মানুষের সংখ্যা। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। বর্তমানে জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৬৭৭ জনে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের হিসাবে, গত বছরের তুলনায় এবার শতবর্ষী মানুষের সংখ্যা প্রায় ৮ হাজার বেড়েছে। এ নিয়ে টানা ৫৬ বছর দেশটিতে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা বৃদ্ধি পেল।

শতবর্ষীদের মধ্যে নারীদের সংখ্যাই সবচেয়ে বেশি। মোট শতবর্ষীর ৮৮ শতাংশই নারী। সংখ্যার হিসাবে ৯৪ হাজার ২৯৮ জন নারী এবং পুরুষের সংখ্যা ১৩ হাজার ৩৭৯ জন।

জাপানের স্বাস্থ্যমন্ত্রী কেনইচিরো উয়েনো এ পরিসংখ্যানকে ইতিবাচক হিসেবে দেখছেন। সাংবাদিকদের তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষ দীর্ঘ সময় সক্রিয় ও সুস্থ জীবনযাপন করতে পারছেন—এটি আনন্দের বিষয়। দীর্ঘায়ুর দিক থেকেও জাপান বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জাপানের মানুষের গড় আয়ু ছিল ৮৪ বছর। একই সময়ে যুক্তরাষ্ট্রে গড় আয়ু ছিল ৭৯ বছর।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও উন্নত চিকিৎসাব্যবস্থা জাপানিদের দীর্ঘায়ুর অন্যতম কারণ। পাশাপাশি দেশটির অনেক মানুষ ‘ইকিগাই’ দর্শন অনুসরণ করেন। জীবনের অর্থ, উদ্দেশ্য ও আনন্দ খুঁজে পাওয়ার এই ধারণা প্রবীণদের মানসিক ও সামাজিকভাবে সক্রিয় রাখতে ভূমিকা রাখে বলে মনে করা হয়। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষদের কয়েকজনও জাপানে বসবাস করছেন। তাদের মধ্যে কিয়োটোর ১১৪ বছর বয়সী ফুয়ো কিশিমোতো এবং কুমামোটোর ১১২ বছর বয়সী হিকারু কাতো রয়েছেন।

তবে শতবর্ষী মানুষের সংখ্যা বাড়ার এই সাফল্যের পাশাপাশি জাপানকে গুরুতর জনমিতিক সংকটও মোকাবিলা করতে হচ্ছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ১২ কোটি ৩০ লাখ এবং তা ক্রমাগত কমছে। একই সঙ্গে জন্মহার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় কর্মক্ষম মানুষের সংখ্যা কমছে, বাড়ছে প্রবীণদের সেবা ও সামাজিক নিরাপত্তা ব্যয়।

শ্রমিক সংকট মোকাবিলায় জাপান সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি দক্ষ ও অন্যান্য শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ালেও বিদেশিবিরোধী মনোভাবের কারণে সরকার ভিসার কিছু শর্ত আরও কঠোর করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ