Views Bangladesh Logo

ধর্মেন্দ্র প্রধানের পর পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজট সিং বাইসের পদত্যাগ দাবি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও আম আদমি পার্টির (আপ) মধ্যে নতুন করে তীব্র রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে।

মূলত দিল্লিতে ‘নিট’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশজুড়ে এক মাস ধরে চলা আন্দোলনের মুখে সম্প্রতি পদ থেকে সরে দাঁড়ান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর তার এই পদত্যাগের পরপরই পাঞ্জাবের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়ে পড়ে।

বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী নৈতিকতার খাতিরে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কেজরিওয়াল কবে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করবেন এবং পাঞ্জাবের শিক্ষামন্ত্রী ঠিক কবে পদ থেকে সরছেন, তা জানতে চান এই বিজেপি নেতা। বিজেপির পক্ষ থেকে পিএসইবি দ্বাদশ শ্রেণির ইংরেজি বোর্ড পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট এবং এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

পাশাপাশি পিএসএসএসবি গ্রুপ-বি এবং নাইব তেহসিলদারসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার মেধা তালিকায় ভুয়া নাম থাকার অভিযোগও এনেছে বিজেপি। একই সুরে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং গত চার বছরে রাজ্যে ছয়টি বড় ধরনের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে সরকারের কাছে জবাবদিহিতা দাবি করেছেন। তবে বিরোধী দলগুলোর এসব অভিযোগকে সম্পূর্ণ ‘ভুয়া খবর’ ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীণ আম আদমি পার্টি (আপ)। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জোরালো দাবি করে বলেছেন, গত সাড়ে চার বছরে রাজ্যে একটিও প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। এমনকি ভবিষ্যতে প্রশ্ন ফাঁস রোধে তিনি শতভাগ গ্যারান্টিও দেন।

মুখ্যমন্ত্রী জানান, মাত্র দুটি স্থানে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের চেষ্টা করা হয়েছিল এবং খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে সেই জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। একই বিষয়ে আপ নেতা বলতেজ পান্নু বলেন, একটি ঘটনায় প্রার্থীরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ধরা পড়েছিলেন এবং তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়, তবে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। মূলত বিজেপি ও কংগ্রেস নিজেদের আমলের পুরোনো কেলেঙ্কারি ঢাকতেই এখন এমন মিথ্যা প্রচার চালাচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন এই আপ নেতা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ