গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি
গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করেছে গুম সংক্রান্ত ‘কমিশন অফ ইনকোয়ারি’। ২০১০ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত সব গুমের ঘটনা তদন্তে এ কমিটি গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা জজ ও কমিশনে সংযুক্ত কর্মকর্তা মো. বুলবুল হোসেনের সই করা এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে বলা হয়েছে- পুলিশ, র্যাব, বিজিবি, সিআইডি, বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), কোস্টগার্ডসহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্য কর্তৃক ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই কমিশন গঠন করেছে।
জোরপূর্বক গুমের ঘটনায় ব্যক্তি নিজে কিংবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজন বা গুমের ঘটনায় প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে বা ডাকযোগে অথবা কমিশনের ই-মেইলে অভিযোগ দাখিল করতে পারবে।
এতে বলা হয়, গুম হবার বিস্তারিত ঘটনা, স্থান, সময়, ভিকটিমের নাম, পিতামাতার নাম, ঠিকানা, ভিকটিমের সাথে অভিযোগকারীর সম্পর্ক উল্লেখ করতে হবে।
এছাড়া গুম সম্পর্কিত কোন প্রমাণ থাকলে তা দিতেও বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি কর্মদিবসে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযোগ দাখিল করা যাবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এর আগে, গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। এতে বলা হয়, দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্য কর্তৃক জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য পাঁচ সদস্যের কমিশন অব ইনকোয়ারি গঠন করেছে সরকার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে