৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি
সরকারি হাসপাতালগুলোতে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।
এ বিসিএসে আবেদন করতে পারবেন এমবিবিএস, বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা। আগামী ১ অক্টোবর সকাল থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৫ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত। পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
বৃহস্পতিবার এ বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষা নভেম্বর মাসে নেওয়ার সম্ভাব্য সময় উল্লেখ করা হয়েছে।
প্রার্থী বাছাইয়ে প্রথমে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এরপর ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে থাকবে। মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে থাকবে ১০ নম্বর করে। এ ছাড়া ক্যাডার-সংশ্লিষ্ট বিষয়ে থাকবে ১০০ নম্বর।
এর আগে গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এটি ছিল সাধারণ বিসিএস। ওই বিসিএসের লিখিত পরীক্ষার ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে। এতে ৬ হাজার ১৬৫ জন চাকরিপ্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এর পরের ৪৯তম বিসিএস ছিল বিশেষ বিসিএস। এর মাধ্যমে সরকারি কলেজে ৬৮৩ জন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হয়।
স্বাস্থ্য ক্যাডারে এর আগে বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল ৪৮তম বিসিএসে। ওই বিসিএসে তিন হাজারের বেশি চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া নেওয়া হয়। গত বছরের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে মোট ৩ হাজার ১২০ জন প্রার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল।
মতামত দিন