আর্জেন্টিনাকে পেয়ে নির্ভীক কেপ ভার্দে, কোচ বললেন ‘ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়’
ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে উঠে নতুন স্বপ্নে বিভোর কেপ ভার্দে। এবার তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
তবে প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, আত্মবিশ্বাস হারাচ্ছেন না কেপ ভার্দের কোচ বুবিস্তা। তার দৃঢ় বিশ্বাস, ‘ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়’।
বিশ্বকাপের ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে বিবেচিত গ্রুপে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে রানার্স-আপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপদেশটি। কোনো ম্যাচ না জিতেও ইতিহাস গড়ে নকআউটে ওঠা কেপ ভার্দে এবার আরও বড় চমকের অপেক্ষায়।
প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বুবিস্তা বলেন, প্রথমত, আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা গর্বিত। দেশটির সঙ্গে আমাদের বহু পুরোনো সম্পর্ক রয়েছে। তবে প্রতিপক্ষ যে-ই হোক, আমরা আমাদের নিজস্ব পরিচয় ধরে রাখার চেষ্টা করব। আমি জানি, লিওনেল মেসিসহ আর্জেন্টিনার অনেক বিশ্বমানের ফুটবলার আছে। কিন্তু আমরা দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের খেলাটাই খেলতে চাই।
বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা দেশগুলোর মধ্যে জনসংখ্যার বিচারে কেপ ভার্দেই সবচেয়ে ছোট। এই অর্জনকে ছোট দেশগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে দেখছেন বুবিস্তা।
তিনি বলেন, এই রেকর্ডের কথা আগে জানতাম না। তাহলে বলতে হয়, আমার দল প্রমাণ করেছে—ছোট দলও বড় স্বপ্ন দেখতে পারে, যদি লক্ষ্য, একাগ্রতা ও ঐক্য ঠিক থাকে। আমরা দেখিয়ে দিয়েছি, কিছুই অসম্ভব নয়। আমরা শুধু কেপ ভার্দের নয়, পুরো আফ্রিকা এবং বিশ্বের ছোট দেশগুলোর প্রতিনিধিত্ব করছি।
৫৬ বছর বয়সী এই কোচের দাবি, কেপ ভার্দের সম্ভাবনার ওপর তার বিশ্বাস অনেক দিনের।
তিনি আরও বলেন, আমি সবসময়ই বিশ্বাস করেছি, আগে হোক বা পরে, কেপ ভার্দে একদিন বিশ্বমঞ্চে নিজেদের জানান দেবে। এখানে পৌঁছাতে আমাদের অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। আমার খেলোয়াড়েরা শৃঙ্খলা, আত্মত্যাগ ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। এসবের সমন্বয় ঘটলে এমন ফল আসবেই।
কোচের আত্মবিশ্বাস ছড়িয়ে পড়েছে খেলোয়াড়দের মধ্যেও। সৌদি আরবের বিপক্ষে ম্যাচসেরা মিডফিল্ডার দেরয় দুয়ার্তে বলেন, আগে আমরা এই অর্জন উদযাপন করব। তারপর আর্জেন্টিনা ম্যাচের প্রস্তুতি শুরু হবে। ম্যাচটি অবশ্যই কঠিন, কিন্তু আমরা বিশ্বাস করি—ফুটবলে যেকোনো কিছুই সম্ভব।
শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে আগামী ৩ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। বিশ্বের নজর থাকবে, ইতিহাসের আরেকটি রূপকথা লিখতে পারে কি না আফ্রিকার এই ছোট্ট দেশটি।
মতামত দিন