Views Bangladesh Logo

হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপে দুর্দান্ত শুরু নরওয়ের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে নরওয়ে। রুদ্ধশ্বাস এই ম্যাচে শেষ পর্যন্ত ৪–১ ব্যবধানে জয় পায় ইউরোপিয়ান দলটি, যেখানে মূল নায়ক ছিলেন তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড ।

বুধবার (১৭ জুন) বোস্টনে ‘আই’ গ্রুপের ম্যাচটির শুরু আর শেষের গল্প একেভারে ভিন্ন। এদিন ম্যাচের শুরু থেকেই সরাসরি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইরাক। লম্বা পাস আর উচ্চ প্রেসিংয়ে নরওয়ের রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা। যদিও বলের দখল ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণে নেয় নরওয়ে এবং হাই প্রেসিংয়ের মাধ্যমে ইরাকি ডিফেন্ডারদের ওপর চাপ তৈরি করে।

ম্যাচের ২৯তম মিনিটে বাঁ দিক থেকে ডেভিড মোলারের নিখুঁত ক্রসে পা ছুঁইয়ে গোল করেন হালান্ড। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নরওয়ে। ৩৯তম মিনিটে বাঁ প্রান্ত থেকে আসা আমির আল আম্মারির ক্রসে দারুণ এক হেডে ইরাককে সমতায় ফেরান স্ট্রাইকার আইমান হুসেইন।

এরপর মাত্র চার মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় নরওয়ে। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে গোলকিপার জালাল হাসানের ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে যান হালান্ড এবং সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি তিনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের দিকে নিয়ে নেয় নরওয়ে। ৩–১ ব্যবধানে এগিয়ে যান লিও স্কিরি অস্টিগার্ড। এরপর ম্যাচের একেবারে শেষ দিকে ইরাকের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বেড়ে দাঁড়ায় ৪–১।

পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে নরওয়ে দেখিয়েছে তাদের শক্তিমত্তা। বিশেষ করে হালান্ডের জোড়া গোল ও দলের সমন্বিত আক্রমণ তাদের বিশ্বকাপ মিশনকে করেছে আরও উজ্জ্বল। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের শক্তিশালী উপস্থিতি জানান দিল ইউরোপের এই দলটি, যারা এবার অন্যতম ডার্কহর্স হিসেবেই আলোচনায় রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ